
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজকে কেন্দ্র করে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম তুহিন ও লাইনম্যান রবিউল আহত হয়েছেন। সংঘর্ষের পর পুলিশ স্থানীয় দুই যুবককে আটক করায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আটক দুজন হলেন—বাড়াইপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে বোরহান (২৮) ও হামিদের ছেলে আপেল (২২)।
পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম তুহিন জানান, সকালে নির্ধারিত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছিল। এ সময় স্থানীয়দের সঙ্গে কর্মচারীদের কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি নিজে ও লাইনম্যান রবিউল আহত হন। তবে স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের পর ঘটনার বিচার চেয়ে এবং পল্লীবিদ্যুৎ কর্মচারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। উল্টো কোনো কারণ ছাড়াই স্থানীয় দুই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে। পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত মেয়র আল ইয়াসার রহমান তাপাদার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা আটক দুই যুবকের মুক্তির দাবি জানিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।