August 16, 2026, 9:42 am

প্রথমবার মা হলেন ‘মুসাফির’খ্যাত মারজান জেনিফা

অভয়নগর প্রতিবেদক

প্রথমবারের মতো মা হয়েছেন ‘মুসাফির’খ্যাত অভিনেত্রী মারজান জেনিফা। যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত ১০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ছেলেসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

মা হওয়ার সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জেনিফা। এক আবেগঘন পোস্টে তিনি জানান, দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে জেনিফা বলেন, সন্তানকে প্রথমবার পৃথিবীর আলো দেখার মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দীর্ঘ সময়ের প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও কান্নার পর সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে সব কষ্টই যেন আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, মা হওয়া কতটা ত্যাগ, সাহস, ধৈর্য ও নিঃস্বার্থ ভালোবাসার বিষয়, তা এবার নিজের শরীর ও জীবন দিয়ে উপলব্ধি করেছেন।

সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেনিফা। যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, এখন তিনি শুধু একজন নারী নন, একজন মা। আর এই পরিচয়কে জীবনের সবচেয়ে সুন্দর, মূল্যবান ও গর্বের পরিচয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। অভিষেকের পর নিয়মিতভাবে বড় পর্দায় দেখা যায়নি তাকে।



ফেসবুক কর্নার