
বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে।’
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনি ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি।’
শিক্ষকদের অবসরকালীন সুবিধার বিষয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি একেকজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাবেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ডিজিটালাইজড আইবিএস প্লাস প্লাস পদ্ধতিতে অবসর সুবিধার অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। এতে কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না।
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসবের অনেক কিছুই নির্বাচনি ইশতেহারে ছিল না। বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার মতো উদ্যোগকে তিনি সরকারের ‘৩২ নম্বর’ ও ‘৩৩ নম্বর’ বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে এবং দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।
তিনি জানান, আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের সব মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে অর্থনীতিতে গতি বাড়বে বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, সুবিধাভোগীরা এই অর্থ পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করবেন। এতে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং বিভিন্ন খাতের শিল্প ও ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, দরিদ্র মানুষকে দরিদ্র অবস্থায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে পারলে সন্তানদের শিক্ষা নিশ্চিত হবে এবং তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় সহায়তার আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, এসব উদ্যোগ বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com