প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১২:৫০ এ.এম
৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর এলাকায় ছয় মাস বয়সী এক শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিশুটির মা তাছলিমা আক্তার।
তাছলিমা আক্তার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আল-আমিনের স্ত্রী। তাঁর দাবি, ছয় মেয়ে ও দুই ছেলের মধ্যে নিখোঁজ শিশুটি ছিল সবার ছোট।
তাছলিমা অভিযোগ করে বলেন, “আমার খালা ছেনোয়ারা বেগম আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন। আমি আমার বাচ্চাকে ফেরত চাই।”
তাঁর দাবি, গত ১৮ জুলাই বাবার বাড়ি সরেরপাড় থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে মজিদ কলেজ মাঠে বসে স্ট্যাম্পে স্বাক্ষর করে ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে অন্যদের কাছে দেওয়া হয়। ওই সময় তিনি অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি।
তাছলিমা আরও বলেন, পরে সুস্থ হয়ে তিনি জানতে পারেন তাঁর সন্তান সঙ্গে নেই। সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
অভিযোগের বিষয়ে তাছলিমার খালা ছেনোয়ারা বেগম বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর দাবি, তাছলিমার মামা বাবুল মিয়া বিষয়টি জানেন।
তাছলিমার মামা বাবুল মিয়া বলেন, “আমি শুধু স্ট্যাম্পে সাক্ষর করেছি। এর চেয়ে বেশি কিছু জানি না। যারা বাচ্চাকে নিয়েছে, তাদেরও চিনি না।”
শিশুটির বাবা আল-আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, “সন্তানটি খোঁজ নিয়ে কোথায় আছে, আমাকে জানান। শিশুটিকে উদ্ধারে সব ধরনের সহযোগিতা করা হবে।”
শিশুটির প্রকৃত অবস্থান, ৫০ হাজার টাকার লেনদেন এবং শিশুটিকে কার কাছে দেওয়া হয়েছে—এসব বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com