
মৌলভীবাজারের বড়লেখায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন সাজু আহমেদ শোভন। তিনি একটি মামলার বিষয়ে ভয়ভীতি দেখিয়ে তা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেফতারের আতঙ্ক সৃষ্টি করে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করেন।
পরবর্তীতে ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে অভিযুক্ত ব্যক্তিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে বড়লেখা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বড়লেখা থানায় দণ্ডবিধির ১৭০ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।