
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার ধোঁয়া ও দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় সমাজসেবক ও প্রতিবাদী নাগরিক তারিকুর রহমান আলাল বলেন, “কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটা পরিচালনা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন আবু আম্মার লিটন দেওয়ান, ইসমাইল হোসেন, মশিউর রহমান দুলাল ও আতিকুর রহমান হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। তারা মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।