
চাঁদাবাজিকে ভিক্ষার চেয়েও নিকৃষ্ট আখ্যা দিয়ে এই অপকর্ম বন্ধ না করলে সংশ্লিষ্টদের ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে চাঁদাবাজদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে হবে। তিনি বলেন, দেশ আর বস্তাপচা রাজনীতি চায় না, যুবসমাজ ইতোমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে। জনগণ দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ দেখতে চায়। যারা জনগণের ভাষা বুঝতে চায় না, নির্বাচনের দিন জাতি তাদের সেই ভাষা বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশে এখন নতুন একটি পেশা ভালোভাবে চলছে, সেটি হলো চাঁদাবাজি। যারা এই পেশায় জড়িত, তাদের হালাল পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। জামায়াত তাদের জন্য বৈধ উপার্জনের ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন। তবে কেউ যদি এই অপকর্ম থেকে সরে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কওমি শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্যে তিনি বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ক্ষমতায় গেলে কওমি মাদরাসার নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী এই শিক্ষাব্যবস্থাকে মর্যাদার আসনে নেওয়া হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, নারীদের নিরাপদ কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে জামায়াত আমির ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com