মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর আস্তানায় প্রতিষ্ঠিত বাহাদুরপুর ময়দানে ৮১তম বার্ষিক মাহফিলের শেষ দিনে শুক্রবার লাখো মুসল্লীর অংশগ্রহণে বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই তীর্থস্থানে সকাল থেকেই মুসল্লীদের ঢল নামে। ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলা এবং আশপাশের এলাকা থেকে বাস, কাভার্ডভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ নানা যানবাহনে করে মুসল্লীরা বাহাদুরপুরে সমবেত হতে থাকেন।
জুমার নামাজের জামাতে অংশ নিতে আস্তানার কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ব্যাপক সমাগম ঘটে। মুসল্লীদের ভিড় মাঠ ছাড়িয়ে আশপাশের বাড়িঘর, রাস্তা-ঘাট, বাজার এলাকা এমনকি শিবচর-পাঁচচর আঞ্চলিক সড়কের বাহাদুরপুর বড় মোড় ও ছোট মোড়সহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
দুপুর পৌনে দুইটায় বাহাদুরপুর পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান-এর ইমামতিতে দেশের অন্যতম বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। তিনি হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর সপ্তম বংশধর এবং বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি।
মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com