সিরাজগঞ্জের কাজিপুরে ঢাকায় ঘোড়ার মাংস পাচারের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজিপুর থানার টিম যমুনা নদীর চরে নজরদারি শুরু করে। পুলিশ জানায়, আটক দুইজন নদীর তীরবর্তী এলাকায় ৮টি ঘোড়া জবাই করে ৪০০ কেজি বোন-লেস ঘোড়ার মাংস ঢাকার উদ্দেশ্যে পাচার করতে চেয়েছিল। অভিযান চালিয়ে একটি পিক-আপে ১১টি বস্তায় রাখা ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ মোঃ কাওছার আলী পলাশ (৩৫) এবং মোঃ শরিফুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে।
মোবাইল কোর্টে ঘটনা যাচাইয়ের পর উভয় আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত ঘোড়ার মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া কাজিপুর থানার ওসি জনাব আবু সাইদ, সেকেন্ড অফিসার জনাব আলী আকবর এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আহাদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, এর আগেও একই পথে ঘোড়ার মাংস পাচারের চেষ্টা করা দুইজনকে আটক করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com