২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোহরাওয়ার্দী পার্ক মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) রাজিব হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক সংগঠন, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৭টায় সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
আলোচনা সভায় ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বক্তব্য দেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com