ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান বুধবার এই সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীর নাম গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। সেই হিসেবে ১৫ মার্চ গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হবে, যা একই দিনে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে তাদের ব্যয়ের বিবরণী জমা দেবেন এবং এই তথ্য ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com