গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। “অ্যাডভোকেসি অ্যান্ড কো-অর্ডিনেশন উইথ ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টরস” শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী কুন্ডু, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, শিক্ষক, সিপিপি প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু শিশু ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার এবং এসসিভিএল প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যরা কার্বন নিঃসরণ হ্রাস, বৃক্ষরোপণ, সাইক্লোন সেল্টার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যে সচেতনতামূলক কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিশুদের পড়ালেখার পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন। এছাড়া বিভিন্ন সাইক্লোন সেন্টারের সমস্যা চিহ্নিত করে প্রশাসনের নজরে আনার জন্য ধন্যবাদ জানান এবং দুর্যোগকালীন সময়ে দুগ্ধদানকারী মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধি তুলে ধরেন এবং কমিটিতে শিশু প্রতিনিধি সম্পৃক্ত করার আশ্বাস দেন। একই সঙ্গে হোগোলবুনিয়া গ্রামের হাটবাটি এলাকার সাঁকো পুনঃনির্মাণ বা স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়েও আশ্বাস প্রদান করেন।
সভায় শিশু ফোরামের সদস্যরা তাদের কার্যক্রমের সমস্যা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায় বলেন, প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনা স্তুপিকরণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতায় সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাগ্রত যুব সংঘ (জেজেএস) কেএনএস ও বিএমজেট-জার্মানির সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্ব উন্নয়নে “স্ট্রেনদেনিং চিলড্রেন’স ভয়েস অ্যান্ড লিডারশিপ ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com