প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৬:৪৭ পি.এম
পাবনায় ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকা ও মালামাল লুট

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়দানদিঘী বাজারে ‘রানা ট্রেডার্স’ নামে একটি হার্ডওয়্যার দোকান পরিচালনা করেন মো. আব্দুল বারী (৪৮)। প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দা রুব্বান আলী তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি ২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৩ হাজার টাকা আর পরিশোধ করেননি বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, গত ৩ মার্চ ২০২৬ বিকেলে অভিযুক্তের ছেলে মো. বাপ্পী দোকানে এলে পাওনা টাকার বিষয়টি তাকে জানানো হয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুব্বান আলীসহ তার পরিবারের কয়েকজন সদস্য দোকানে এসে ব্যবসায়ীর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে মারধর করেন এবং তার ভাই মো. আব্দুল জালিলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তার হাত কেটে যায়। এ সময় দোকানের ক্যাশে থাকা প্রায় ২ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে নেওয়া হয় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com