ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামে লিটন বিশ্বাস (৩৬) নামে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি মাঠের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিটন ওই গ্রামের মৃত রনজিৎ বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খান লিটন। পরে তিনি দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে ফোন করে পরিবারের খোঁজখবর নিতে বলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবার ও স্থানীয়রা জানায়, রাতভর তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি মাঠে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com