সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান পুরো এলাকায় সৃষ্টি করেছে এক অনন্য ধর্মীয় পরিবেশ।
ওরসের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য তুলে ধরা হয়।
প্রথম দিনেই স্থানীয় ও আশপাশের জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ পূর্ণ হয়ে ওঠে। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে ওয়াজ শুনতে পারছেন। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও ধর্মীয় আবহ।
ওরসকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লির উপস্থিতিতে আস্কারপুর দরবার শরিফ এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রখ্যাত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, যা মুসল্লিদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।
ওরসের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য গঠন করা হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। আগত মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জলসহ সকল প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওরসের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com