কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ঘরের মালিক কৃষক জানবার আলী প্রামানিক ও তার প্রতিবেশী উকিল প্রামানিক দগ্ধ হয়েছেন। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, জানবার আলীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে কৃষকের ৪টি গরু, একটি বাছুর, ৪টি ছাগল, একটি মোটরসাইকেল, দুটি পানিতোলা মোটর, প্রায় ৮ মণ তামাক এবং নগদ প্রায় ২ লাখ টাকাসহ বসতঘরের সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানবার আলী প্রামানিক জানান, আগুনে তার সবকিছু চোখের সামনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন তা নিয়ে তিনি দিশেহারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ গুহ জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com