সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আজীবন কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার। নিজ উদ্যোগে গড়ে তোলা স্বেচ্ছাসেবী টিম নিয়ে প্রতিদিন ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
জানা গেছে, শহরের ১৫টি ওয়ার্ডজুড়ে প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী নারী-পুরুষকে সঙ্গে নিয়ে প্রতিদিন ফজরের নামাজের পরই কাজে নেমে পড়েন হাজী আব্দুস সাত্তার। শহরের যেসব এলাকা অপরিচ্ছন্ন থাকে, সেগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন তারা।
রবিবার (২৯ মার্চ ২০২৬) তিনি তার টিম নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্ট এলাকার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় স্থানীয় আরও স্বেচ্ছাসেবীরাও তাদের সঙ্গে যুক্ত হন।
হাজী আব্দুস সাত্তার বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি আশা প্রকাশ করেন, তার এই উদ্যোগ দেখে অন্যরাও নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ হবেন।
তিনি আরও বলেন, এ কাজ তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করছেন, কোনো প্রচারের জন্য নয়। মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের লক্ষ্য।
স্থানীয়রা তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচেতন মহলের মতে, ব্যক্তি উদ্যোগে এ ধরনের কার্যক্রম বাড়লে শহরের পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি নাগরিকদের মধ্যে দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com