যৌথ অভিযানে ঢাকার মিরপুর এলাকা থেকে সাতক্ষীরার কুখ্যাত ডাকাত বাহার আলীকে গ্রেফতার করেছে র্যাব-৪ ও পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে রাজধানীর পল্লবী থানার আলুব্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান ও সহকারী পরিদর্শক সরোয়ার হোসেন অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা বাহার আলীকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত বাহার আলী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরকাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং অপর শীর্ষ ডাকাত ইয়ার আলীর ভাই। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও নাশকতাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।
এর আগে গত ২৭ মার্চ রাতে র্যাব-পুলিশের যৌথ অভিযানে একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম থেকে তার ভাই ইয়ার আলীকে একটি ৯ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ওয়াকি-টকি ও ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে অপর সহযোগী উজ্জ্বলকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এরপর থেকেই বাহার আলী আত্মগোপনে ছিলেন। বর্তমানে ইয়ার আলী ৭ দিনের রিমান্ডে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাহার আলী ও ইয়ার আলী চক্র দীর্ঘদিন ধরে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত বাহার আলীকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com