বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী (মুজিবনগর) এলাকায় মৎস্য ঘের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করার পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে। আশফাক হাওলাদারের বাড়ির পেছনে অবস্থিত মৎস্য ঘেরের টিনশেড ঘরে অবস্থানকালে হামলাকারীরা অতর্কিতভাবে প্রবেশ করে এ হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রামপাল থানায় দায়ের করা মামলার (ফরম নং-২৭, তারিখ ০৬ এপ্রিল ২০২৬) বাদী শেখ আরিফ (৩৩), পিতা শেখ সুলাইমান, বাঁশতলী (মুজিবনগর), রামপাল, বাগেরহাট।
আহতরা হলেন—
মো. রফিকুল ইসলাম, শেখ হুমায়ুন, শেখ মুজিবুর রহমান ও মো. মনজুরুল ইসলাম রানা। তারা সবাই একই পরিবারের সদস্য। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘেরে প্রবেশ করে হামলা চালায় এবং ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনায় বায়েজিদ হাওলাদার, মুজাহিদ হাওলাদার, সফিক ফকির, সরদার রকি, ইব্রাহিম শেখ, শেখ সেলিম ও মতিন হাওলাদারসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৮–১০ জন অজ্ঞাত আসামি রয়েছে।
মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com