গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরিয়ান একই এলাকার বাসিন্দা সজল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সে স্কুলে যায়। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যানবাহনটি জব্দ করে।
এদিকে, বিদ্যালয়ের সামনে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য কোনো কার্যকর ব্যবস্থা ছিল না, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com