কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর পরিচয়দানকারী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উপজেলা ছাত্রদল। এ ধরনের সংবাদকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা: হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এবং সংশ্লিষ্টদের বক্তব্য না নিয়েই প্রতিবেদনে ছাত্রদলের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুবেল আরও জানান, সংশ্লিষ্ট ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কোনো কার্যকর কমিটি নেই। এছাড়া দৌলতপুর উপজেলা ছাত্রদল বর্তমানে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। অথচ প্রতিবেদনে যেসব নাম ও পদবি উল্লেখ করা হয়েছে, সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষের ভিড় থেকে কাউকে ছাত্রদলের নেতা বা কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অযৌক্তিক। মামলার এজাহার, চলমান তদন্ত কিংবা স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে ছাত্রদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা স্পষ্টভাবে জানান, ছাত্রদল কোনো ধরনের সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করে না এবং এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বাস্তবতা যাচাই করে ভুল তথ্য সংশোধন এবং দুঃখ প্রকাশ করার আহ্বান জানান।
এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com