সাতক্ষীরার কালীগঞ্জে বন্ধক রাখা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগে আব্দুল জব্বার নামে এক মহাজনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের বাসিন্দা শেখ আকমল হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশ সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় আকমল হোসেন স্থানীয় মহাজন আব্দুল জব্বারের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। এ সময় তিনি প্রায় ১০ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন বন্ধক রাখেন। শর্ত অনুযায়ী, প্রতি মাসে নির্দিষ্ট সুদসহ তিন মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিল।
পরবর্তীতে নির্ধারিত সময় শেষে আকমল হোসেন সুদসহ মোট ১৮ হাজার টাকা পরিশোধ করতে চাইলে মহাজন তা গ্রহণ না করে উল্টো বন্ধকী স্বর্ণ ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে। এমনকি তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না দিলে সংশ্লিষ্ট মহাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী আকমল হোসেন জানান, আব্দুল জব্বার তার পরিচিত হওয়ায় কোনো লিখিত কাগজপত্র ছাড়াই সরল বিশ্বাসে টাকা গ্রহণ করেছিলেন। পরে টাকা পরিশোধ করতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে স্বর্ণ ফেরত না দিয়ে হুমকি দেন বলে তিনি দাবি করেন।
অভিযুক্ত আব্দুল জব্বারের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com