বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে হোটেল ও রিসোর্ট কর্মীদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয় সোমবার (২০ এপ্রিল) সকালে লামা উপজেলা মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও সরকারের যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, বান্দরবান ও লামা পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। পর্যটকদের আধুনিক ও মানসম্মত সেবা দিতে হলে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন মোঃ লোকমান হোসেন ও মোঃ রুবেল। তারা বিদেশের বিভিন্ন পাঁচ তারকা হোটেলে কাজ করার অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণার্থীদের অতিথিশালা ব্যবস্থাপনা, খাদ্য ও পানীয় পরিবেশন এবং পর্যটকদের সঙ্গে পেশাদার আচরণের বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করছেন।
দুই দিনব্যাপী (২০-২১ এপ্রিল) এই প্রশিক্ষণে লামা উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের অর্ধশতাধিক কর্মী অংশগ্রহণ করছেন। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ স্থানীয় পর্যটন খাতে নতুন গতি সঞ্চার করবে এবং পর্যটকদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com