বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে বান্দরবানের দুর্গম সীমান্ত এলাকায় গিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ‘বগালেক-ট্রাইনেশন পয়েন্ট লিংক রোড’ এবং ‘ট্রাইনেশন পয়েন্ট-বংকুপাড়া সীমান্ত সড়ক’ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি নির্মাণাধীন সড়কের গুণগত মান ও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুধু নিরাপত্তা জোরদার করবে না, বরং পাহাড়ি অঞ্চলের অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
পরিদর্শন শেষে তিনি স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা যাতায়াত, অবকাঠামো ও জীবনমান সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সীমান্ত সড়ক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com