নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া এনায়েতনগর ইউনিয়ন যুবদলের তিন নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।
মামলার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
পরে গত ১৪ এপ্রিল গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ওই তিন নেতাকে গ্রেপ্তার করে। ১৫ এপ্রিল তাদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পুলিশ।
আদালতের জামিন আদেশের ফলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের কারামুক্তির পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com