রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি কলেজে সংঘটিত এক ঘটনাকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ ও এক নারী প্রদর্শকের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।
শনিবার দুপুরে নগরীর সাহেববাজার এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক ও তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ, জয়নগর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির ওয়ার্ড সভাপতি ইউজদার আলী, সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কলেজে সংঘটিত ঘটনার বিষয়ে কিছু গণমাধ্যম আংশিক তথ্য প্রকাশ করায় তাদের মানহানি হয়েছে। তারা পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।
আব্দুস সামাদ বলেন, ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে তারা কলেজে প্রবেশ করেন এবং সে সময় সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না বলে তিনি দাবি করেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই এবং ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। বহিষ্কারের কারণ জানতে তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন তুলেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাওকান্দি কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত নারী প্রদর্শকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং গণমাধ্যমকে বিষয়টি পূর্ণাঙ্গভাবে অনুসন্ধান করে প্রচারের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com