সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সেবায় সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সাংবাদিক কামরুল হাসান মিঠু।
লিখিত অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সরকারি নির্ধারিত ফি’র বাইরে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা এবং সরকারি সেবায় অনিয়মের শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের বাসিন্দা শাহানুর জন্ম নিবন্ধন করতে গিয়ে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হয়েছেন। একই ধরনের অভিযোগ আরও একাধিক ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগে এসব অনিয়ম বেড়ে গেছে।
এ বিষয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন বলেন, “আমার অনুপস্থিতিতে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগ দায়েরের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com