মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক গোলাম সারোয়ার মিলন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
রোববার (২৬ এপ্রিল) ভোর রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার, মেয়ে তানজিয়া সারোয়ার অমি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
গোলাম সারোয়ার মিলন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে মানিকগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ যোহর সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com