মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিংগাইর থানাধীন বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ২৪ ড্রাম পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মিলন মাহমুদকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ এবং অধিক দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত জ্বালানি তেল একই রাতে সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com