নওগাঁয় সড়কে ট্রাক থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি পালসার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের সান্তাহার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫), হাসান (৩০) এবং বগুড়া জেলার গাবতলী থানার জনি (৩২) ও হামিদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, আটককৃতদের সঙ্গে আরও ১০-১২ জন সহযোগী ছিল, যারা অভিযানকালে পালিয়ে যায়। একটি অটোরিকশা চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের তিনটি টহল দল যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে উদ্ধার করা হয় ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাকসো ব্লেড, ১টি বেল্ট, ২টি টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা বগুড়া ও জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতির সঙ্গে জড়িত। পাশাপাশি তারা বিটিসিএলের ভূগর্ভস্থ ইন্টারনেট তার চুরির ঘটনাতেও সম্পৃক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com