কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাওনা টাকা ও পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীর আলম ও তার ভাই ওষুধ ব্যবসায়ী আবু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা ইউনিয়নের জয়ভোগা চাররাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে একদল যুবক পরিকল্পিতভাবে তাদের পথরোধ করে হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জাহাঙ্গীর আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহত আবু বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com