খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জোন সদর দপ্তরে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী। সভায় পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরওয়ার্দী, মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ, গুইমারা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. মোকতাদের হোসেন।
বক্তারা সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, রাস্তার অবস্থা উন্নয়ন, খালপাড়ে সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, খুন-অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং পার্বত্য এলাকার মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় প্রধান অতিথি সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com