ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে মোটরসাইকেলে করে মাদক পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযানে মোঃ মনির মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার ফোড়ন আলীর ছেলে।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ফয়সাল এবং মোঃ নুরুল হুদা ওরফে পাবেল। তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের মধ্যে ফয়সালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com