কুড়িগ্রামে জ্বালানি তেলে পরিমাণে কম সরবরাহসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ, ওজন ও মজুদ যাচাই করা হয়। এ সময় প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়, যা সরাসরি ভোক্তা প্রতারণার শামিল।
অভিযানে আরও দেখা যায়, স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট নেই। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতিও মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এসব অনিয়মের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।
অভিযান শেষে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং দ্রুত বিএসটিআই থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com