সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। একই ঘটনায় প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়ির প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি উপজেলার পাটলি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের মোকামবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী পীর ওয়ারিছ চৌধুরী প্রায় আড়াই মাস আগে দেশে ফেরেন। সম্প্রতি গ্রামের দুলা মিয়ার লোকজনের সঙ্গে রাস্তার জমি নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়।
শুক্রবার (১ মে) সরেজমিনে পীর ওয়ারিছ চৌধুরী অভিযোগ করে বলেন, তার বাড়ির প্রবেশপথসহ সামনের অংশ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রাস্তার বেড়া অপসারণ করে। তবে বাড়ির সামনের অংশে এখনো কিছু বেড়া রয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি মসজিদে যাওয়ার পুরাতন পথও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত পক্ষের দাবি, রাস্তার জমি নিয়ে বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রাস্তা খুলে দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com