ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী শ্রীঅঙ্গনে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৮৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞ আজ (২ মে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে।
গত ২৪ এপ্রিল শুরু হওয়া এ উৎসবকে ঘিরে শ্রীঅঙ্গন প্রাঙ্গণজুড়ে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। ‘হরে কৃষ্ণ হরে রাম’ মহামন্ত্রের নিরবচ্ছিন্ন ধ্বনিতে পুরো এলাকা আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা প্রার্থনা, নামসংকীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।
উৎসবের অংশ হিসেবে শ্রীঅঙ্গনে বসেছে একটি বর্ণিল মেলা। মৃৎশিল্প, কুটিরশিল্প ও ধর্মীয় সামগ্রীর নানা স্টলে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এই মেলা উৎসবকে দিয়েছে বাড়তি আকর্ষণ।
আয়োজক সূত্রে জানা যায়, পুরো আয়োজনজুড়ে অহোরাত্র নামসংকীর্তন, ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ এবং আগতদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকেও ভক্তদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, “শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের মূল শিক্ষা মানবসেবা, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ। এই উৎসব সেই আদর্শকে ধারণ করেই মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
সমাপনী দিনে ভক্তদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন।
ভক্তি, শ্রদ্ধা ও সম্প্রীতির এই মহামিলন ফরিদপুরে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com