কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে ২০২৬) বিকেল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটননির্ভর গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও কক্সবাজারে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দেয়।
তারা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে একটি আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড সম্প্রসারণ, চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং একটি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবি জানান।
কর্মসূচি পরিচালনা করেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব শামীম ফরহাদ। এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার আহ্বায়ক আলিম উদ্দিন হিলমী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা।
সমাপনী বক্তব্যে জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com