নোয়াখালীর হাতিয়া উপজেলায় কিছু অসাধু জেলের বিরুদ্ধে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও জলজ সম্পদ ধ্বংসের অভিযোগ উঠেছে। এতে করে প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুইজের বাজার খাল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে বলে অভিযোগ রয়েছে। বর্ষা মৌসুমে নদী থেকে জোয়ারের পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ ও পোনা খাল হয়ে বিল ও জলাশয়ে প্রবেশ করে, যা দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি সূক্ষ্ম জালের চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ থেকে শুরু করে ডিমওয়ালা মাছ পর্যন্ত নির্বিচারে শিকার করছে। এসব জালের কারণে ছোট মাছ, এমনকি জলজ কীটপতঙ্গও রক্ষা পাচ্ছে না, ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
এলাকাবাসীর দাবি, নিষিদ্ধ জালের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে করে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা এ বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com