ভারতের বিহার রাজ্যের সহরসা জেলার একটি সরকারি স্কুলে মধ্যাহ্নভোজের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছিল। খাবার পরিবেশনের সময় এক শিক্ষার্থী তরকারির মধ্যে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পায়। খবরটি ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এর কিছু সময় পর কয়েকজন শিক্ষার্থী পেটব্যথা, বমি ও শারীরিক অসুস্থতার অভিযোগ করে। পরে একে একে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অভিভাবকদের সহায়তায় তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। যে এনজিও খাবার সরবরাহ করছিল তাদের কার্যক্রম ও রান্নাঘরও তদন্তের আওতায় আনা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারে অবহেলা বা বিষক্রিয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিভাবকরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও খাবারের মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দায়ীদের শাস্তি এবং সংশ্লিষ্ট এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com