দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর নিম্নআয়ের মানুষের জন্য ‘স্বাস্থ্য সেবা কার্ড’ তৈরির কার্যক্রম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (৯ মে) ছুটির দিনেও নগর ভবনে কার্ড প্রস্তুতের কাজ চলতে দেখা গেছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের বিশেষ নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করে একটি তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড প্রস্তুত করা হচ্ছে।
এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা নির্ধারিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র মূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কার্ড প্রিন্টিং ও ল্যামিনেশনের কাজ প্রায় শেষ। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ শুরু হবে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কার্ড পৌঁছে দিতে একটি বিশেষ টিম কাজ করছে বলেও জানান তারা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, “অর্থের অভাবে কোনো দরিদ্র মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, এই উদ্যোগ নগরীর দরিদ্র মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক সুরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com