নোয়াখালীর মাইজদীতে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বেলা আড়াইটার দিকে পৌর এলাকার মাইজদী বাজারের উত্তর পাশে চৌমুহনী-মাইজদী মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে সড়ক অনেকটা ফাঁকা থাকাকালে ২৫ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ব্যানার ও পোস্টারও ছিল। স্লোগানে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “রাস্তা ফাঁকা পেয়ে কিছু লোক আকস্মিকভাবে ঝটিকা মিছিল করেছে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com