রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সঙ্গে কাস্টমস কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার মিঠাপুকুর প্রেসক্লাব চত্বরে মিঠাপুকুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক ও লাঞ্ছনাকর আচরণ করেছেন, যা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া মিঠাপুকুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও সাংবাদিক সুলতান মারজানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ শাদী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী শেখ রেজওয়ান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মিলন, রংপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মিলন, সদস্য আবু রায়হান, মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান ও প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর মানবাধিকার কমিশনের সভাপতি আশিকুর রহমান এবং সাংবাদিক শিল্পী আক্তারসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা হয়রানির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com