আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক দুইবারের সফল আহ্বায়ক ও জননন্দিত নেতা আলহাজ্ব মো. রুহুল আমিন। তিনি ধামইরহাটকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি বলেন, “ধামইরহাটকে অবহেলিত জনপদ থেকে উন্নয়ন ও সম্ভাবনার জনপদে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি।”
তার ঘোষিত পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও কৃষকের স্বার্থরক্ষা, যুবসমাজের কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের আধুনিকায়ন।
তিনি জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা টেকসই ও উন্নত করা হবে। কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আলহাজ্ব মো. রুহুল আমিন আরও বলেন, “নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও হয়রানিমুক্ত একটি প্রতিষ্ঠান। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সেটি কঠোরভাবে নিশ্চিত করা হবে।”
স্বাস্থ্যসেবার উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কথাও তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের তৃণমূল সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে আলহাজ্ব মো. রুহুল আমিন ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার উন্নয়ন ভাবনা বাস্তবায়িত হলে ধামইরহাট একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব উপজেলায় পরিণত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com