কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী জামালপুর বিওপির আওতাধীন জয়পুর মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে একটি সিঙ্গেল শুটার পিস্তল, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় তৈরি ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয় অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য জব্দ করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com