সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে খাগড়াছড়ির গুইমারায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল ৩টায় গুইমারা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন গুইমারা ও তথ্য অফিস, রামগড়ের যৌথ আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুন তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, সমাজসেবা অফিসের কর্মকর্তাসহ তথ্য অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, নীতিমালা ও জনসচেতনতামূলক বার্তা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে তথ্য অফিস, রামগড় নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন, পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল সময়ে পাঁচ উপজেলায় মোট ১৯০টি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্মার্ট বাংলাদেশ, সড়ক নিরাপত্তা, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদকবিরোধী সচেতনতা, সাইবার অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ বিষয়ে প্রায় ২৫ হাজার মানুষকে সচেতন করা হয়েছে।
এছাড়াও মার্চ-জুন ২০২৬ সময়ে পাঁচ উপজেলায় ১০টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব বৈঠকে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, বৃক্ষরোপণ, সামাজিক নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নারীর ক্ষমতায়নে বিভিন্ন ইউনিয়ন ও মহল্লায় নারী সমাবেশ আয়োজনের বিষয়ও তুলে ধরা হয়। সেখানে মাতৃত্বকালীন ভাতা, নারী উদ্যোক্তা সৃষ্টি, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি সম্পর্কে নারীদের অবহিত করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ১০টি লাইভ সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে খাল খনন ও পুনঃখনন প্রকল্প, স্মার্ট কৃষক কার্ড বিতরণ এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইশতেহার ২০২৬-এর প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য অফিস, রামগড় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com