“প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন এই কমিটি কাজ করবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদময়ান আহমেদ রাফি, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ কৌশিক, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার এবং নিসচা ধামরাই শাখার সভাপতি এম নাহিদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, “সড়ক নিরাপদ করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা প্রয়োজন। দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় নিসচা কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এম নাহিদ মিয়া বলেন, “ধামরাইয়ের প্রতিটি মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করবো। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com