ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মজিবর খাঁ (৫৫) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৪০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মাঠ থেকে আনা ধান পরিষ্কার করার জন্য ঘরের একটি স্ট্যান্ড ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে যান মজিবর খাঁ। এ সময় ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। স্বামীকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, পরিবারটি অত্যন্ত পরিশ্রমী ও শান্তিপ্রিয় ছিল। এমন আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com