জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : এ জেড এম জাহিদ হোসেন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ জনগণ এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল ভাঙাচোরা রাস্তা সংস্কার, নতুন কালভার্ট নির্মাণ, হিলি স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা, নারী নির্যাতন ও হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি এলাকাবাসীর দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com