
নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মো. মিলন শেখ (৩৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ফয়সাল, এএসআই সাকিব ও খোরশেদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশ জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় অলি মিয়ার বাড়ির পেছনে জনৈক সাত্তার শাহের পতিত জমিতে অবস্থান নিয়ে অভিযান চালায়। এসময় মিলন শেখকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন শেখ মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। আটক করার পর তাকে মদন থানায় নিয়ে যাওয়া হয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিস্তার রোধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com