
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
এর আগে, গতকাল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে। তিনি জানান, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com